চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ‘গোপন বৈঠক’ অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার রোসাংগিরী ইউনিয়নের মাইজভান্ডার-নাজিরহাট সড়কের পাশে অবস্থিত একটি ভবনে ওই সভা অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতেও সেখানে কয়েকজনের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি দেখা যায়।
স্থানীয়দের দাবি, ভবনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলম মঞ্জুরের মালিকানাধীন। এটি মূলত আশেক-ভক্তদের বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফটিকছড়ি থানার পুলিশ সদস্য কর্তৃক এসময় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। আটক দুজনের মধ্যে- একজন ভবনটির পরিচর্যাকারী ও অন্যজন পাশের এক মসজিদের ইমাম।