জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের কাছে অবস্থিত গেট ও শহীদ সাজিদ ভবনে এসব পোস্টার দেখা গেছে। পোস্টারগুলোতে বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নাম উল্লেখ করা রয়েছে।
ভিডিওতে দেখা যায়, পোস্টার লাগানোর কাজে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।
এই ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি জানার চেষ্টা করছি। যাঁরা নিরাপত্তার দায়িত্বে আছেন, তাঁদের সঙ্গে কথা বলব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেও যে কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে বোঝা যাবে, কারা ক্যাম্পাসে এসে এই কার্যক্রম চালিয়েছে।’