নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল
সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেকে "প্রথম স্ক্যাপগোট (বলির পাঁঠা) বা টার্গেট" হতে পারেন বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তিনি শেষ ব্যক্তি নন; পর্যায়ক্রমে অন্যরাও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।
তিনি অনুসারীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, "শত্রুর সেবা করে স্ক্যাপগোট হবেন না। স্ক্যাপগোটদের শেষ পর্যন্ত বলি দেওয়া হয়।" একই সঙ্গে তিনি সব ধরনের "ভ্রাতৃঘাতী সংঘাত" এড়িয়ে "সর্বোচ্চ ঐক্য" (Maximum Alliance) গড়ে তোলার আহ্বান জানান।
পোস্টে মাহফুজ আলম লেখেন, "আমি প্রথম স্ক্যাপগোট/টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে সবাই টার্গেট হবেন।" তিনি আরও দাবি করেন, "বৈধদের জায়গা দখল করবে প্যাদা (Pawns), যার পরিণতি সামাল দেওয়া সম্ভব হবে না।"
পোস্টের শেষাংশে মাহফুজ আলম উদ্যোক্তা ও বিনিয়োগকারী পিটার থিয়েলের একটি উদ্ধৃতি উল্লেখ করেন: "সম্ভবত প্রতিটি আধুনিক রাজাই এমন এক স্ক্যাপগোট, যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছুটা বিলম্বিত করতে পেরেছে।" পাশাপাশি তিনি ফরাসি চিন্তাবিদ রেনে জিরারের বই পড়ার পরামর্শ দেন, যিনি "স্ক্যাপগোট" তত্ত্বের জন্য পরিচিত।
মাহফুজ আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তবে পোস্টে উত্থাপিত দাবি বা আশঙ্কার পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ বা ঘটনার উল্লেখ করেননি।