স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল জানিয়েছেন, তার ব্যক্তিগত ফুটবল-আদর্শ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার হলেও সর্বকালের সেরা ফুটবলার হিসেবে তিনি মনে করেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে।
স্প্যানিশ গণমাধ্যম টিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী বার্সেলোনা তারকা বলেন, “প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করে যে সে সর্বকালের সেরা। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা নয়। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা।”
বিশ্ব ফুটবলের বর্তমান প্রজন্মের অন্যতম আলোচিত খেলোয়াড় ইয়ামাল ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যকে বেশি গুরুত্ব দেন বলেও জানান। তিনি বলেন, “মেসি গোল করল, এমবাপ্পে গোল করল আর আমি করলাম না—এসব নিয়ে আমার কোনো আসক্তি নেই। আমি খেলাটা উপভোগ করতে চাই, জিততে চাই। ১৬ গোল করে সেমিফাইনাল থেকে বিদায় নিতে চাই না।”
২০২৬ বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ড্র করার পর দলের ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে আগামী রোববার সৌদি আরবের বিপক্ষে ম্যাচে স্পেনের অন্যতম বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে ইয়ামালকে।
তবে সম্প্রতি চোট থেকে সেরে ওঠা এই তরুণ ফরোয়ার্ড স্বীকার করেছেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। তার ভাষায়, সৌদি আরবের বিপক্ষে ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলা তার পক্ষে সম্ভব নাও হতে পারে।
বিশ্বকাপে স্পেনের পরবর্তী ম্যাচকে সামনে রেখে ইয়ামালের এই মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে মেসি ও নেইমারকে নিয়ে তার মূল্যায়ন ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।