জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন প্রচেষ্টা ঠেকাতে দেশের ২৬ জেলার সীমান্তজুড়ে প্রায় ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে চার পালায় টহল ও গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত রয়েছেন বিজিবি সদস্যরা। স্থানীয় বাসিন্দারাও এ কাজে সহযোগিতা করছেন।
বিজিবি জানিয়েছে, গত ৩ থেকে ৬ জুন পর্যন্ত চার দিনে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দুই শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর ২১টি চেষ্টা ব্যর্থ করা হয়েছে। সর্বশেষ মেহেরপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে পৃথক ঘটনায় ২৩ জনকে পুশ ইন করার চেষ্টা প্রতিহত করা হয়।
বিজিবির দাবি, আন্তর্জাতিক সীমান্ত আইন ও দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী কোনো পুশ ইন গ্রহণযোগ্য নয়। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বাহিনীটি জানিয়েছে।
এদিকে ৮ থেকে ১১ জুন নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈঠকে অবৈধ পুশ ইন, সীমান্তে বাংলাদেশি হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাও উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। এ বিষয়েও কার্যকর পদক্ষেপের দাবি জানাবে বাংলাদেশ।