স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ট্রাফিক আইন মানার ক্ষেত্রে সরকারি-বেসরকারি সবাই সমান বলে মন্তব্য করার কিছুক্ষণ পরই নিজে অনির্ধারিত একটি ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।


বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের বিভিন্ন সাফল্য তুলে ধরেন ডিএমপি কমিশনার। সেখানে তিনি জোর দিয়ে বলেন, ট্রাফিক আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ সম্মেলনে সরকারি যানবাহনের চালকদের ট্রাফিক আইন অমান্যের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কমিশনার বলেন, “ট্রাফিক আইন সরকারি-বেসরকারি সবার জন্য সমান। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


তিনি আরও দাবি করেন, দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এমনকি প্রধানমন্ত্রীও ট্রাফিক আইন মেনে চলেন এবং আইন প্রয়োগে পুলিশের অবস্থান স্পষ্ট।


তবে সংবাদ সম্মেলন শেষে ডিএমপি সদর দপ্তরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় কমিশনারের গাড়িবহরকে মিন্টো রোডের একটি অনির্ধারিত ও সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা ক্রসিং ব্যবহার করতে দেখা যায়।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কমিশনারের গাড়িবহর পারাপারের জন্য আগে থেকেই ওই ক্রসিংয়ের দড়ি ও কোন দিয়ে তৈরি ব্যারিকেড সরিয়ে ফেলা হয়। এ সময় দুই পাশের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। গাড়িবহর পার হওয়ার পর পুনরায় ব্যারিকেড স্থাপন করে ক্রসিংটি বন্ধ করে দেওয়া হয়।


স্থানীয়সূত্রে জানা যায়, মিন্টো রোড থেকে বেইলি রোড বা কাকরাইল এলাকায় যেতে সাধারণ যানবাহনকে মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে ঘুরে অথবা হেয়ার রোড ব্যবহার করতে হয়। সংশ্লিষ্ট ক্রসিংটি সাধারণ মানুষের জন্য সবসময় বন্ধ রাখা হয়।


ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ট্রাফিক আইনের কঠোর প্রয়োগের বার্তা দেওয়ার পর একই দিনে পুলিশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার এমন আচরণ আইন প্রয়োগে সমতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।


এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।