জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বুধবার ভোরে সীমান্তবর্তী কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিন (৪২) ও শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে বিভিন্ন স্থানে অবস্থান করার পর সর্বশেষ তামিলনাড়ুতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। দীর্ঘদিন পর দেশে ফেরার উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। জানা গেছে, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজনই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলিতে তারা আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সীমান্ত এলাকার বাসিন্দাদের দাবি, সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা মাঝেমধ্যেই ঘটে। এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।