নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল


পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর তার পদত্যাগপত্র জমা দেন ।


পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন যে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া আবশ্যক বলে তিনি মনে করেন ।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।


দীপেন দেওয়ান ১৯৬৩ সালের ৮ জুন রাঙ্গামাটি জেলার এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সুবিমল দেওয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাঙ্গামাটি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ছিলেন।


দীপেন দেওয়ান দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরি করার পর ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি পার্বত্য জেলা (২৯৯) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন।


মাত্র সাড়ে তিন মাস মন্ত্রিত্বকালে তিনি পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ফেব্রুয়ারি মাসে রাঙ্গামাটিতে প্রথম সফরে তিনি সাংবাদিকদের বলেন, “পাহাড়ে বৈষম্যমূলক কোনো উন্নয়ন হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সব খাতে উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য”।


পদত্যাগের আগ পর্যন্ত তিনি সংসদ সদস্য হিসেবে বহাল থাকবেন বলে জানা গেছে।