আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল
পাকিস্তান অধিকৃত কাশ্মিরের মুজাফফরাবাদ এলাকার কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি এমআই-১৭ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, উড্ডয়নের সময় হেলিকপ্টারটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর পরপরই এটি দুর্ঘটনার কবলে পড়ে। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তা ও সেনাসদস্য নিহত হয়েছেন এবং কোনো আরোহী জীবিত উদ্ধার হননি।
তবে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে মোট কতজন কর্মকর্তা ও সেনাসদস্য ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী ও অনুসন্ধানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি সেনাবাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাকিস্তানে সামরিক ও সরকারি উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা এর আগেও ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে গিলগিট-বালতিস্তানের দিয়ামের জেলায় কারিগরি ত্রুটির কারণে সেনাবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হন। এর আগে আগস্টে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি উদ্ধারকারী হেলিকপ্টার বৈরী আবহাওয়ার মধ্যে মোহমান্দ জেলায় বিধ্বস্ত হলে দুই পাইলটসহ পাঁচজনের মৃত্যু হয়।
পাকিস্তান অধিকৃত কাশ্মিরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সব আরোহী
সংগৃহীত ছবি।