জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিরোধের জেরে দায়ের হওয়া মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজির হন তাঁরা। শুনানিতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া তিনজন হলেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. মো. আব্দুর রাজ্জাক এবং কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
তাঁদের মধ্যে আব্দুল মজিদ শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত বিচার আইনের মামলায় হাজিরা দিতে এলে আদালত তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
যেভাবে বিরোধের সূত্রপাত
কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি বেসরকারি কোম্পানির খামারে লেয়ার মুরগি লালন-পালন করা হচ্ছে। সেখানকার মুরগির বিষ্ঠার ভাগ নিয়েই দুই পক্ষের মধ্যে বিরোধ দানা বাঁধে।
চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই রাতে হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এছাড়া ব্যাংকের তালা ভেঙে টাকা লুট এবং প্রাইভেট কার, মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।
পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি করেন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকশ জনকে আসামি করা হয়।
মামলায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। আসামিদের তালিকায় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের ভাইও রয়েছেন।
পরোয়ানা জারি অন্য আসামিদের বিরুদ্ধে
জানা গেছে, ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় সংসদ সদস্যের ভাইসহ কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
উপজেলা জামায়াতের শীর্ষ তিন নেতাকে কারাগারে পাঠানোর ঘটনায় ফুলবাড়িয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়দের অনেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
তথ্যসূত্র: আদালত পরিদর্শক ও মামলার নথি