আইন-আদালত ডেস্ক | ক্রাইম ক্রনিকল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে তার ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী কফিল মাহমুদ রায়হান জানান, তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পর আদালত তার উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছিলেন। নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, প্রভাব খাটিয়ে এবং জালিয়াতির মাধ্যমে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগে তুরিন আফরোজের ভাই শাহ নেওয়াজ আহাম্মদ ২০২৪ সালের ১২ ডিসেম্বর আদালতে মামলাটি দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে গত বছরের ২৩ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. মমিনুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, তদন্তে সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের জবানবন্দি, দালিলিক তথ্য এবং ঘটনার পারিপার্শ্বিকতা পর্যালোচনায় তুরিন আফরোজের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে তার মায়ের বাসায় অনধিকার প্রবেশ করেন। পরে আসবাবপত্র ভাঙচুর করে জমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক নিয়ে যান। একই সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে জাল হলফনামা তৈরি এবং মামলার বাদী ও তার মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও তদন্তে প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তদন্তে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৮, ৪২৭, ৩৮০, ৩৮২, ৪২০ ও ৫০৬ ধারার অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে জানানো হয়।