বিনোদন ডেস্ক | ক্রাইম ক্রনিকল


ফুটবল মাঠের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো এবার পা রাখছেন চলচ্চিত্র জগতে। বিখ্যাত ব্রিটিশ পরিচালক ম্যাথু ভনের সঙ্গে যৌথভাবে গড়ে তুলেছেন নিজস্ব ফিল্ম স্টুডিও "ইউআর•মার্ভ" (UR•MARV)।


৫৪ বছর বয়সী ম্যাথু ভন ব্রিটিশ চলচ্চিত্র জগতের অন্যতম পরিচিত নাম, যিনি তার স্টাইলিশ ও গতিময় গল্প বলার ধরনের জন্য পরিচিত। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে "লেয়ার কেক" (২০০৪), "কিক-অ্যাস" (২০১০) এবং "এক্স-মেন: ফার্স্ট ক্লাস" (২০১১)।


তবে তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছে ২০১৪ সালে শুরু হওয়া "কিংসম্যান" ফ্র্যাঞ্চাইজি — গুপ্তচরবৃত্তি ও অ্যাকশনের এক অনন্য মিশ্রণ, যা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০২৪ সালে তিনি পরিচালনা করেন "আর্গিল" নামের একটি স্পাই থ্রিলার, যেখানে অভিনয় করেছেন হেনরি কেভিল ও ব্রাইস ড্যালাস হাওয়ার্ড।


এছাড়া তার নিজস্ব প্রোডাকশন কোম্পানি "মার্ভ" এর মাধ্যমে তিনি বহু সফল প্রজেক্ট প্রযোজনা করেছেন, যার মধ্যে রয়েছে "লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস" ও "স্ন্যাচ"-এর মতো কাল্ট-ক্লাসিক সিনেমা। বর্তমানে কিংসম্যান ফ্র্যাঞ্চাইজির আরও দুটি সিনেমা নির্মাণাধীন রয়েছে।


স্টুডিওর ঘোষণায় বলা হয়েছে, "রোনালদো সিনেমা ভালোবাসেন, ভন ভালোবাসেন খেলাধুলা — আর দুজনেই ভালোবাসেন গল্প বলা।" রোনালদো নিজে বলেন, "এটি আমার জন্য নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়।" অন্যদিকে ভন বলেন, রোনালদো মাঠে যেসব গল্প তৈরি করেছেন, তা তিনি নিজেও লিখতে পারতেন না — তিনি একজন বাস্তব জীবনের সুপারহিরো।


সর্বশেষ ও সবচেয়ে চমকপ্রদ খবর হলো, ইউআর•মার্ভ ব্যানারে রোনালদো এখন একটি নাটকীয় সিরিজ নির্মাণ করছেন, যার নাম শোনা যাচ্ছে "Day 1s"। এতে অভিনয় করছেন ব্রিটিশ তারকা ড্যামিয়ান লুইস, সাবেক ফুটবল তারকা থিয়েরি অঁরি এবং র‍্যাপার ডেভ। একজন ফুটবল এজেন্টের কাল্পনিক গল্প নিয়ে নির্মিত এই সিরিজে রোনালদো নিজেও অভিনয় করবেন বলে জানা গেছে, পাশাপাশি তিনি এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবেও যুক্ত। লন্ডনে ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে।


ইউআর•মার্ভ স্টুডিওর অধীনে ইতিমধ্যে দুটি অ্যাকশনধর্মী সিনেমার কাজ শেষ হয়েছে এবং তৃতীয়টি নির্মাণাধীন। প্রচারণামূলক এক ভিডিওতে জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল ক্রেইগতারন এগারটনকেও দেখা গিয়েছিল, যা থেকে ধারণা করা হচ্ছে হলিউডের বড় তারকারাও এই প্রজেক্টে যুক্ত হতে পারেন।


২০১৫ সালে রোনালদোকে নিয়ে "Ronaldo" নামে একটি ব্রিটিশ প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছিল, যা পরিচালনা করেন অ্যান্থনি ওয়াঙ্কে এবং পরিবেশনা করে ইউনিভার্সাল পিকচার্স। প্রায় এক দশক পর এবার রোনালদো নিজেই প্রযোজক ও অভিনেতা হিসেবে সিনেমা জগতে স্থায়ী জায়গা করে নিতে যাচ্ছেন, এবার হাত ধরেছেন কিংসম্যান-খ্যাত পরিচালক ম্যাথু ভনের।