বিনোদন ডেস্ক | ক্রাইম ক্রনিকল
বাংলাদেশের ভক্তদের জন্য সুখবর নিয়ে আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট।
এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকায় তার কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। টিকিট বিক্রি ও আয়োজনের অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন হলেও তৎকালীন নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া সেই কনসার্টের টিকিটধারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যারা পূর্বে টিকিট কিনে অর্থ ফেরত নেননি, তারা নতুন করে টিকিট না কিনেই নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে নতুন টিকিট সংগ্রহ করতে পারবেন।
কনসার্ট স্থগিত হওয়ার পর থেকেই আয়োজকরা পুনরায় অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। একই সঙ্গে আতিফ আসলামও বাংলাদেশের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে আবারও দেশে ফিরে আসার আশ্বাস দিয়েছিলেন। অবশেষে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী জুলাইয়ে।
আয়োজকদের দাবি, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই কনসার্টের ভেন্যু ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
দীর্ঘ প্রতীক্ষার পর আতিফ আসলামের বাংলাদেশ সফরের ঘোষণায় ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সংগীতপ্রেমীরা এখন অপেক্ষা করছেন প্রিয় শিল্পীর সরাসরি পরিবেশনা উপভোগের জন্য।