স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করেছে।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করে রবি আজিয়াটা পিএলসি।
দেশের বাজারে এয়ারটেলের ১৬ বছরের যাত্রার ধারাবাহিকতায় এই নতুন ব্র্যান্ডের আত্মপ্রকাশ ঘটল।
বদলাচ্ছে না নম্বর ও সেবা
রবি আজিয়াটা জানিয়েছে, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ও সেবায় কোনো পরিবর্তন আসবে না।
এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হিসেবে বিবেচিত হবেন।
গ্রাহকদের বিদ্যমান ০১৬ নম্বর, সেবা, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে বলে জানানো হয়েছে।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না। এসব সেবা নিরাপদ ও সচল থাকবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
যে ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ
অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, গত ১৬ বছর এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ।
ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসবে না বলে তিনি উল্লেখ করেন।
তাঁর ভাষ্য, সংযোগের ক্ষেত্রে এখন কেবল আরও বেশি মানুষকে যুক্ত করাই মূল বিষয় নয়। বিদ্যমান সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ।
রবির কর্মকর্তারা জানান, পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা এবং মানুষের ক্রমবর্ধমান সংযুক্ত জীবনযাপনের কথা বিবেচনায় রেখেই নতুন ব্র্যান্ডটি তৈরি করা হয়েছে।
পটভূমি
২০১৬ সালে রবি ও এয়ারটেল একীভূত হয়। ওই সময় এয়ারটেলের গ্রাহকেরা রবির নেটওয়ার্কে যুক্ত হন, তবে ব্র্যান্ডটি সাব-ব্র্যান্ড হিসেবে টিকে ছিল।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদিত একীভূতকরণ নির্দেশনার মাধ্যমে রবি আজিয়াটা এয়ারটেল ব্র্যান্ডসহ এর ট্রেডমার্ক, লোগো ও মেধাস্বত্ব অধিকার অর্জন করেছিল।
তথ্যসূত্র: রবি আজিয়াটা পিএলসি