অপরাধ ডেস্ক | ক্রাইম ক্রনিকল


রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী উত্তরপাড়া এলাকায় নেশার টাকার জন্য নিজের মা ও ছোট ভাইকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মেহেদী হাসান ওরফে মুন্নাকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুন্না ওই এলাকার মৃত আবদুর রহিমের ছেলে।


রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেশার টাকার জন্য মুন্না তার মা মনোয়ারা খাতুন ওরফে টুলু (৫৫) এবং ছোট ভাই মৃদুলকে (২৮) ধারালো বঁটি দিয়ে কুপিয়ে আহত করেন।


খবর পেয়ে চন্দ্রিমা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে আহত দুজনকে উদ্ধার করে। এ সময় স্থানীয়দের মারধরের শিকার হন অভিযুক্ত মুন্নাও।


পরে পুলিশ মুন্নাসহ আহত তিনজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। হামলায় ব্যবহৃত ধারালো বঁটিটিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় আহত মনোয়ারা খাতুনের মেয়ে বাদী হয়ে চন্দ্রিমা থানায় মামলা করেন। মামলার পর মুন্নাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মা ও ছোট ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তবে আরএমপি জানিয়েছে, তাদের মৃত্যুর তথ্য সঠিক নয়।


যাচাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার বা শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ করেছে পুলিশ।