স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 


রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের জন্য নিজ উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও চোরদের হাত থেকে রক্ষা পায়নি। ক্যামেরা স্থাপনের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেগুলো চুরি হয়ে গেছে বলে জানান তিনি।


শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ববি হাজ্জাজ বলেন, “মোহাম্মদপুরে চোর ধরতে ক্যামেরা বসিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে গেছে।” তিনি বলেন, এই ঘটনাই এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগও যখন অপরাধীদের লক্ষ্যবস্তু হয়ে যায়, তখন পরিস্থিতির গভীরতা সহজেই বোঝা যায়।


প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুরে সম্প্রতি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব অপরাধ মোকাবিলায় শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে তিনি মনে করেন।


তিনি আরও বলেন, সম্প্রতি তার এক সহকর্মী নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।


এ সময় ববি হাজ্জাজ বলেন, এলাকায় পুলিশের টহল কার্যক্রম আরও জোরদার করার চেষ্টা চলছে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলদারিত্ব বরদাশত করা হবে না।


টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা উদ্বেগের বিষয় তুলে ধরেন। তাদের বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।