নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল 


ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে স্পিডবোট থামিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে জলদস্যুরা।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর ঝাউকান্দা ইউনিয়নসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। আহত লিটন মোল্লা (৩২) চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীরচর কারিকরডাঙ্গী গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন গরু ব্যবসায়ীকে দোহার উপজেলার মৈনট ঘাটে পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোটে একা ছিলেন লিটন। এ সময় একটি দ্রুতগতির নৌযানে করে একদল ডাকাত স্পিডবোটটির পিছু নেয়। পরিস্থিতি বুঝতে পেরে চালক সঞ্জিত খালাসী বোটটি চরে ভিড়িয়ে পালিয়ে যান।


এরপর ডাকাতরা লিটনকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই সঙ্গে স্পিডবোটের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে তার হাতে কোপ দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই ডাকাতরা পালিয়ে যায়। পরে কাশবন থেকে চালক সঞ্জিতকে উদ্ধার করা হয়।


চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।