নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর


লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় জেলা যুবদল। সংগঠনটির শাখা সভাপতি আবদুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান বিজ্ঞপ্তিতে সই করেন।


বহিষ্কৃত নেতার নাম আল-আমিন ছৈয়াল। তিনি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। গত শনিবার রাতে উপজেলার এক গৃহবধূ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী প্রবাসী। গত বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন আল-আমিন। তাই ওই গৃহবধূ থানায় মামলা করেন।


জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান বলেন, ‘সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে যুবদল প্রশ্রয় দেয় না। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আল-আমিনকে বহিষ্কার করা হয়েছে। তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না।’

অন্যদিকে পদ হারানো আল-আমিন ছৈয়াল জানান, মামলার বাদী তাঁর দীর্ঘদিনের পরিচিত। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিনি অভিযোগ করেন, বাদীকে বিয়ে করে ঘরে না তোলাতে ক্ষুব্ধ হয়ে তিনি এ মামলা করেছেন। আল-আমিন দাবি করেন, বিষয়টি দ্রুত মীমাংসা হয়ে যাবে।


এদিকে মামলার পর থেকে আল-আমিন ছৈয়াল আত্মগোপনে রয়েছেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।