স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল 


বিশ্ব ফুটবলে ব্রাজিল আর আগের মতো একক ফেভারিট নয় বলে মন্তব্য করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নজারিও। তবে ইতিহাস, ঐতিহ্য ও ফুটবল সংস্কৃতির কারণে দলটি এখনও বিশ্বের অন্যতম পরাশক্তি বলে মনে করেন তিনি।


ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ২০০২ সালের পর দীর্ঘ ২৪ বছর বিশ্বকাপ জিততে না পারাই ব্রাজিলের বর্তমান অবস্থার বাস্তব চিত্র তুলে ধরে। তার মতে, আগের মতো বিশ্বমানের স্ট্রাইকার না থাকাও দলটির অন্যতম বড় সমস্যা।


রোনালদো বলেন, আধুনিক ফুটবলে আক্রমণভাগের খেলোয়াড়দের বলের পাশাপাশি রক্ষণেও অনেক বেশি দায়িত্ব পালন করতে হয়। ফলে আগের দিনের ‘গোলমেশিন’ স্ট্রাইকারদের মতো ধারাবাহিক গোলদাতা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। তাই ব্রাজিলে নতুন করে কার্যকর স্ট্রাইকার গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, বর্তমান ফুটবলে কোনো একক পরাশক্তির আধিপত্য নেই। ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও জার্মানির মতো দলগুলো সমানভাবে শিরোপার দাবিদার। তবুও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিলের প্রতি প্রত্যাশা সবসময়ই বেশি থাকবে।


বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগে মাতেউস কুনহা ভালো খেললেও, শুধু তার পারফরম্যান্সের ভিত্তিতে দলটিকে শিরোপার প্রধান দাবিদার বলা যাবে না বলে মনে করেন রোনালদো। তবে ব্রাজিলের সম্ভাবনা এখনও রয়েছে এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের টপকে শিরোপা জয়ের সামর্থ্য দলটির আছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।