স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ায় ব্রাজিল শিবিরে উদ্বেগ তৈরি হয়েছিল রাফিনিয়াকে ঘিরে। তবে মেডিকেল পরীক্ষার পর স্বস্তির খবরই পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্সেলোনার এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ দল থেকে বাদ দিতে হবে না।
শুক্রবার হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনিয়া। ডান উরুর পেছনের পেশিতে ব্যথা অনুভব করার পর তাকে তুলে নেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। পরদিন সকালে তার চোটের অবস্থা নির্ণয়ে মেডিকেল পরীক্ষা করা হয়।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট প্রকাশ না করলেও দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিস্থিতি আশাব্যঞ্জক। বর্তমান অবস্থায় রাফিনিয়াকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রয়োজন হবে না বলেই মনে করা হচ্ছে।
রাফিনিয়ার চোট নিয়ে সতর্ক ব্রাজিল। কারণ সাম্প্রতিক সময়ে একই ধরনের উরুর সমস্যায় একাধিকবার ভুগেছেন ২৯ বছর বয়সী এই উইঙ্গার। গত মার্চে আন্তর্জাতিক বিরতিতেও একই কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। ক্লাব মৌসুমেও একই স্থানের চোটে কয়েকবার মাঠের বাইরে থাকতে হয়েছে।
তবে হাইতির বিপক্ষে মাঠ ছাড়ার পর স্বাভাবিকভাবে হাঁটতে দেখা গেছে রাফিনিয়াকে। বেঞ্চে বসে প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন তিনি। এসব লক্ষণ দ্রুত সুস্থ হয়ে ফেরার আশাই জাগাচ্ছে ব্রাজিল শিবিরে।
রাফিনিয়ার ফিটনেস ব্রাজিলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হওয়ার পর ফিফার নিয়ম অনুযায়ী দল তালিকায় নতুন কোনো খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। কেবল গোলরক্ষকের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
এদিকে ব্রাজিল শিবিরে আরেকটি ইতিবাচক খবর, চোট কাটিয়ে ধীরে ধীরে দলে ফিরছেন নেইমার। প্রথম দুই ম্যাচে না খেললেও স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। কোচ আনচেলত্তি জানিয়েছেন, একক অনুশীলন শেষে শিগগিরই দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবেন এই তারকা ফরোয়ার্ড।