স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
টরোন্টো স্টেডিয়ামে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে পাওয়া গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। VAR সিদ্ধান্ত, সুযোগ নষ্ট এবং পিছিয়ে পড়ার পরও শেষ মুহূর্তে জয়ের মাধ্যমে গ্রুপ ‘ই’-তে শক্ত অবস্থান তৈরি করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল জার্মানদের পায়ে। তবে একের পর এক সুযোগ নষ্ট করতে থাকে তারা। ২৩তম মিনিটে কর্নার থেকে আলেক্সান্ডার পাভলোভিচের হেড জালে গেলেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে সেটি বাতিল হয়।
এর সাত মিনিট পরই আইভরিকোস্ট এগিয়ে যায়। ৩০তম মিনিটে বক্সের ভেতর ফিরতি বল পেয়ে শক্তিশালী শটে গোল করেন ফ্রাঙ্ক কেসি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।
৩৯তম মিনিটে জার্মানি সমতায় ফিরলেও VAR পর্যালোচনায় কাই হ্যাভার্টজের গোল বাতিল হয়, কারণ বল দখলের সময় জামাল মুসিয়ালা ফাউল করেছিলেন। বিরতিতে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে জার্মানি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়ালেও গোল পেতে সময় নেয় ইউরোপীয় দলটি। ৬৮তম মিনিটে বদলি হিসেবে নামা নাদিয়েম আমিরির ক্রসে ডেনিজ উনদাভের নিখুঁত ফিনিশিংয়ে সমতা ফেরে ম্যাচে।
এরপর ম্যাচে দুই দলই সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাব ও গোলরক্ষকের দারুণ সেভে ফলাফল দীর্ঘ সময় ১-১ থাকে। শেষ দিকে আইভরিকোস্টের সামনে ম্যাচ জয়ের সুযোগ এলেও তারা তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
অবশেষে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ফেলিক্স এনমেচারের পাস থেকে বল পেয়ে চমৎকার টার্নে শক্তিশালী শটে গোল করেন উনদাভ। এই গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে জার্মানি এবং তারা গ্রুপ পর্ব থেকেই নকআউট পর্বে জায়গা করে নেয়।
এই ফলাফলের মাধ্যমে গ্রুপ ‘ই’-তে জার্মানির অবস্থান আরও শক্ত হলো, অন্যদিকে আইভরি কোস্টের জন্য পরবর্তী ম্যাচগুলোতে টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠল।