স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
ম্যাথিউস কুনিয়ার জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয়; দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে সেলেসাওরা
শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর সমালোচনার মুখে পড়া সেলেসাওরা এদিন দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়ায়।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কার্লো আনচেলত্তির দল। মাঝমাঠে ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতার নিয়ন্ত্রণে ধীরে ধীরে ম্যাচের দখল নেয় ব্রাজিল। এর ফলও আসে দ্রুত।

ভিনিসিয়ুস জুনিয়র প্রথমার্ধে দারুণ খেলে একটি গোল করেন এবং কুনিয়ার দুটি গোলেই অ্যাসিস্ট করেন। ছবি: এপি
২৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিড ফিরিয়ে দিলেও রিবাউন্ড থেকে বল জালে জড়িয়ে দেন ম্যাথিউস কুনিয়া। এরপর ৩৬ মিনিটে ভিনিসিয়ুসের নিখুঁত থ্রু পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ে লুকাস পাকেতার পাস থেকে ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়ুস। বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন আনেন আনচেলত্তি। ৬৪ মিনিটে কুনিয়ার বদলে মাঠে নামেন এনদ্রিক। তবে বিরতির পর আর কোনো গোল পায়নি ব্রাজিল। উল্টো কয়েকবার ব্রাজিলের রক্ষণে চাপ সৃষ্টি করে হাইতি। গোলরক্ষক আলিসনকে একটি গুরুত্বপূর্ণ সেভও করতে হয়।
তবে স্কোরলাইন আরও বড় হতে পারত ব্রাজিলের। ১২ মিনিটে রাফিনিয়ার এবং ৭৮ মিনিটে এনদ্রিকের গোল অফসাইডের কারণে বাতিল হয়। পাশাপাশি একাধিক সহজ সুযোগও হাতছাড়া করে সেলেসাওরা।

বড় পর্দায় ম্যাচের দর্শক সংখ্যা প্রদর্শনের মুহূর্ত। ছবি: রয়টার্স।
ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকা, রোনালদো নাজারিও ও রোনালদিনিও। তাদের উপস্থিতিতে অনুপ্রাণিত হয়ে প্রথমার্ধে দারুণ ফুটবল উপহার দেন ভিনিসিয়ুস, কুনিয়ারা।
এই জয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটল্যান্ড এবং টানা দুই হারে পয়েন্টশূন্য অবস্থায় গ্রুপের তলানিতে রয়েছে হাইতি।