স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
গোপনে বিয়ে সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার একদিন পরই নতুন দম্পতি জেনডায়া ও টম হল্যান্ডকে একসঙ্গে দেখা গেল নতুন ‘স্পাইডার-ম্যান’ চলচ্চিত্রের প্রচারণামূলক অনুষ্ঠানে। নেদারল্যান্ডসের আমস্টারডামের এইচ’আর্ট জাদুঘরে আয়োজিত আলোকচিত্র পর্বে তারা একসঙ্গে লালগালিচায় উপস্থিত হন।
অনুষ্ঠানে টম হল্যান্ডকে গাঢ় নীল রঙের স্যুট ও ডোরাকাটা টাইয়ে দেখা যায়। অন্যদিকে জেনডায়া পরেছিলেন ফরাসি বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান লুই ভুইতোঁ-এর নতুন সংগ্রহের একটি পোশাক। কালো রঙের উপরের অংশে জালের মতো সেলাই এবং লাল রঙের ছোট স্কার্টের সমন্বয়ে তৈরি পোশাকটি অনেকের কাছে ‘স্পাইডার-ম্যান’ চরিত্রের প্রতি ইঙ্গিতবাহী বলেই মনে হয়েছে। সাজসজ্জায় তিনি ব্যবহার করেন রোলেক্স ঘড়ি ও টিফানি অ্যান্ড কোং-এর গয়না।
অনুষ্ঠান চলাকালে সামাজিক মাধ্যমে একটি মজার মুহূর্তও ধরা পড়ে। লালগালিচা থেকে ধারণ করা একটি ভিডিওতে নিজের অ্যালকোহলমুক্ত বিয়ার ব্র্যান্ড ‘বেরো’-এর নতুন পানীয়ের সাফল্য নিয়ে কথা বলছিলেন টম হল্যান্ড। ভিডিওর শেষ দিকে হঠাৎ তার কাঁধের ওপর দিয়ে মুখ দেখান জেনডায়া এবং সমর্থনের ভঙ্গিতে ‘থাম্বস আপ’ দেন।

টম হল্যান্ডের অ্যালকোহল-মুক্ত পানীয় ব্র্যান্ড 'বেরো' তাদের প্রথম শ্যান্ডি লাইন বাজারে এনেছে, যা ৩০% বেরো কিংস্টন গোল্ডেন পিলস এবং ৭০% লেমনেডের মিশ্রণে তৈরি। ছবি: বেরো ব্রুয়িং
ভিডিওতে টম জানান, তাদের নতুন পানীয় বাজারে আসার পর দ্রুত বিক্রি হয়ে গেছে। ক্রেতাদের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যত দ্রুত সম্ভব পণ্যটি আবার বাজারে আনার আশ্বাস দেন।
এর আগে চলতি মাসে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে টম হল্যান্ড জানান, এই নতুন পানীয় তৈরির অনুপ্রেরণা ছিলেন জেনডায়া। তার ভাষায়, জেনডায়া কখনোই বিয়ারপ্রীতি ছিলেন না। তাই এমন একটি পানীয় তৈরি করতে চেয়েছিলেন, যা তিনি উপভোগ করতে পারবেন।
এদিকে সম্প্রতি প্রকাশিত ‘স্কয়্যার ইউকে’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী জেনডায়াকে নিয়ে খোলামেলা কথা বলেন টম হল্যান্ড।
তিনি বলেন, তাদের পেশাগত জীবন অনেক সময় চাপপূর্ণ পরিস্থিতি তৈরি করে। এমন সময়ে একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি থাকা বড় স্বস্তির বিষয়। তারা একে অপরকে এমনভাবে বুঝতে ও সমর্থন করতে পারেন, যা অন্য কারও পক্ষে সম্ভব নয়।
টম আরও বলেন, তিনি জীবনের সঠিক মানুষটিকে খুঁজে পেয়েছেন। জেনডায়াকে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে তিনি বলেন, তার সঙ্গে থাকলে নিজেকে সবচেয়ে সুখী, নিরাপদ ও সমর্থিত মনে হয়।
নতুন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ চলচ্চিত্রকে ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহের মধ্যেই নবদম্পতির এই যৌথ উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।