স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 



ফিফা বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলক স্পর্শ হতে যাচ্ছে ২০২৬ আসরে। বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছরের ইতিহাসে অনুষ্ঠিত হতে যাওয়া ১০০০তম ম্যাচে মুখোমুখি হবে তিউনিসিয়া ও জাপান।


'এফ' গ্রুপের এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন মেক্সিকোর মন্তেরেই শহরের এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে।


ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন রোমানিয়ার আন্তর্জাতিক রেফারি ইস্তভান কোভাকস। বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই মাইলফলকের ম্যাচে দায়িত্ব পাওয়াকে তার ক্যারিয়ারেরও একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।


১৯৩০ সালের ১৩ জুলাই উরুগুয়েতে প্রথম বিশ্বকাপের যাত্রা শুরু হয়। প্রায় এক শতাব্দীর পথচলায় অসংখ্য স্মরণীয় ম্যাচ, রেকর্ড ও ইতিহাসের সাক্ষী হয়েছে ফুটবলের সর্বোচ্চ এই আসর। সেই ধারাবাহিকতায় তিউনিসিয়া ও জাপানের মধ্যকার ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের এক হাজারতম ম্যাচ হিসেবে বিশেষ মর্যাদা পাচ্ছে।


দুই দলই গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ পয়েন্টের লক্ষ্যে মাঠে নামবে। তবে ম্যাচটির ফলাফলের চেয়েও বেশি আলোচনায় রয়েছে এর ঐতিহাসিক গুরুত্ব। বিশ্বকাপের দীর্ঘ যাত্রাপথে আরেকটি মাইলফলক স্পর্শের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব।