স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে অন্তত গ্রুপ পর্বে মাঠে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। ডান পায়ের কাফে গ্রেড-২ ইনজুরিতে আক্রান্ত এই ফুটবলার হাইতির বিপক্ষের ম্যাচেও খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সেই সময়সূচি অনুযায়ীই চলছে নেইমারের পুনর্বাসন কার্যক্রম।
ইতোমধ্যে তিনি হালকা অনুশীলনে ফিরেছেন। বর্তমানে দৌড়, স্প্রিন্ট এবং বল নিয়ে সীমিত পর্যায়ের অনুশীলন করছেন। তবে ম্যাচে ফেরার আগে তাকে আরও কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। এর মধ্যে রয়েছে উচ্চগতির অনুশীলন, কৌশলগত প্রস্তুতি এবং দলীয় অনুশীলনে পূর্ণ অংশগ্রহণ।
চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী, সবকিছু অনুকূলে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তিনি খেলার অনুমতি পেতে পারেন। তবে সতর্কতামূলক কারণে সেই সময় আরও দীর্ঘও হতে পারে। ফলে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে পাওয়া কঠিন হয়ে পড়েছে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করা ব্রাজিল আগামী ম্যাচে হাইতির মুখোমুখি হবে। তবে সেই ম্যাচে নেইমারকে পাওয়া যাচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে। দলের কোচ ও কোচিং স্টাফ তার ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নকআউট পর্ব, বিশেষ করে শেষ ষোলো বা কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের জার্সিতে নেইমারকে দেখা যেতে পারে। তাই আপাতত তার দ্রুত সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় রয়েছে ব্রাজিল শিবির।