স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল 


অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 


প্রায় চার বছর পর আবারও বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলে ফিরলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। সর্বশেষ ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার।



মোসাদ্দেক হোসেন। ছবি: সংগৃহীত 


বুধবার(৩ জুন) ঘোষিত দলে এসেছে ২ টি পরিবর্তন। গত এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে থাকা আফিফ হোসেন ও মাহিদুল ইসলামকে এবার রাখা হয়নি। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান ও অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।


 নুরুল হাসান। ছবি: সংগৃহীত 


দল নির্বাচনের ব্যাখ্যায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, মাহিদুল ইসলামকে পর্যাপ্ত সুযোগ দেওয়া সম্ভব হয়নি। একইসঙ্গে আফিফ হোসেনও প্রত্যাশিত সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে বর্তমান পরিস্থিতিতে দলীয় কৌশল ও প্রয়োজনের কথা বিবেচনা করে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।


মোসাদ্দেককে দলে ফেরানোর কারণ হিসেবে হাবিবুল বাশার বলেন, সাম্প্রতিক সময়ে তিনি দুর্দান্ত ব্যাটিং করছেন এবং ছয় নম্বর পজিশনে তার দক্ষতা দলের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি তার অলরাউন্ড পারফরম্যান্সও দলের ভারসাম্য বাড়াবে।


চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন মোসাদ্দেক। আবাহনীর হয়ে এখন পর্যন্ত ৬ ইনিংসে ৭৭.৫০ গড়ে এবং ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৩১০ রান করেছেন তিনি। অন্যদিকে দলে ফেরা নুরুল হাসানও ভালো ফর্মে রয়েছেন। ৮ ইনিংসে তার সংগ্রহ ২৪৮ রান। মিডল অর্ডারে এবং উইকেটকিপার ব্যাটার হিসেবে তার অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা।


বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল।


অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।