স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
বিশ্বকাপের ‘এল’ গ্রুপে হাইভোল্টেজ লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। বুধবার রাতের ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলের রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে।
ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন কেইন। তবে প্রথম শটটি ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। পরে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যবেক্ষণে দেখা যায়, শট নেওয়ার আগে লিভাকোভিচ গোললাইন ছেড়ে এগিয়ে এসেছিলেন। ফলে পেনাল্টি পুনরায় নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি ইংল্যান্ডের অধিনায়ক।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে (টাইব্রেকার বাদে) পেনাল্টি থেকে কেইনের গোলসংখ্যা দাঁড়ায় পাঁচে। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এর আগে চারটি করে পেনাল্টি গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ক।
প্রথমার্ধের ৪২ মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন। এতে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি স্পর্শ করেন কিংবদন্তি গ্যারি লিনেকারকে, যার নামের পাশেও রয়েছে ১০টি গোল।
এ ছাড়া এই ম্যাচে গোল করে আরেকটি অনন্য কীর্তিও গড়েছেন কেইন। ডেভিড বেকহামের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে টানা তিনটি ভিন্ন বিশ্বকাপ—২০১৮, ২০২২ ও ২০২৬—আসরে গোল করার রেকর্ড গড়েছেন তিনি।
জাতীয় দলের জার্সিতেও গোলের হিসেবে অনেক আগেই সবার ওপরে উঠে গেছেন কেইন। ইংল্যান্ডের হয়ে তার গোলসংখ্যা এখন ৮১, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ গোল করেছেন ওয়েইন রুনি।
কেইনের জোড়া গোলের পাশাপাশি আক্রমণভাগের কার্যকর ফুটবলে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশনে দারুণ সূচনা করল ইংল্যান্ড। এই জয়ের মধ্য দিয়ে নকআউট পর্বের লড়াইয়েও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল ইংলিশরা।