স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল


অবশেষে আবারও লাল-কালো উল্লাসে মাতলো বেঙ্গালুরু। টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতে ইতিহাস গড়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে গুজরাট টাইটান্স কে ৫ উইকেটে হারিয়ে আরও একবার নিজেদের আধিপত্য  প্রমাণ করলো রজত পাতিদারের দল। এই জয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে ব্যাক-টু-ব্যাক আইপিএল শিরোপা জয়ের কীর্তি গড়েছে আরসিবি। 



সংগৃহীত ছবি।


ফাইনালের মঞ্চে আরো একবার নায়ক হয়ে উঠলেন ভিরাট কোহলি। তার ৪২ বলে অপরাজিত ৭৫ রানের  ইনিংসে ভর করে টাইটান্সের দেয়া ১৫৬ রানের লক্ষ্য ১৮তম ওভারেই পেরিয়ে যায় আরসিবি। মাত্র ২৫ বলে ফিফটি তুলে নেন কিং কোহলি, যা তার আইপিএল ক্যারিয়ারে দ্রুততম। এই ইনিংসের সুবাদে ম্যান অফ দ্যা ফাইনালও নির্বাচিত হন তিনি।


তবে এবারের আইপিএলের সবচেয়ে বড় ব্যক্তিগত গল্পের নাম ১৫ বছরের বৈভব সূর্যবংশী। বয়স নিয়ে নানা সময়ে ট্রলের শিকার বৈভব যেন এবার পণ করেছিলেন, ব্যাট হাতে সব সমালোচনার জবাব দেবেন। এবারে তিনি যা করেছেন তা ৩০ বছরের যে কারোর জন্যও স্বপ্ন।



বৈভব সূর্যবংশী | সংগৃহীত ছবি।


রাজস্থান রয়েলস এর হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ৭৭৬ রান নিয়ে তিনি জিতে নিয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ। আরো জিতেছেন টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড়, ইমারজিং প্লেয়ার অফ দ্যা সিজন, সর্বোচ্চ ছক্কা(৭২টি, যা এক সিজনে রেকর্ড) এবং সর্বোচ্চ স্ট্রাইকরেট(২৩৭.৩!)। পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই তরুণ তারকা। ৯ টি ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ৫ টিই যায় বিহারের তাজপুরে জন্ম নেয়া এই বিস্ময়বালকের ঝুলিতে।


অপরদিকে ২৯ উইকেট নিয়ে বোলিং বিভাগে পার্পল ক্যাপ জিতেছেন গুজরাট টাইটান্সের দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় কাগিসো রাবাদা। ফাইনালে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে তিনি শেষ পর্যন্ত পেছনে ফেলেন ২৮ উইকেট নেয়া আরসিবির ভুবনেশ্বর কুমারকে। 


দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর প্রথমবারের মত শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল আরসিবি, আর এবার সেই সাফল্যকে আরও মহিমান্বিত করে টানা দ্বিতীয় ট্রফি ঘরে তুললো তারা। একদিকে কিং কোহলির পূর্ণতা, অন্যদিকে বিস্ফোরক পারফরম্যান্স দিয়ে বৈভবের আগমনী বার্তা। এ যেন ঠিক,

"তোমার হলো শুরু, আমার হলো সারা

তোমায় আমায় মিলে, এমনি বহে ধারা"


 সব মিলিয়ে বলাই যায় এবারের  আইপিএল ২০২৬  সমর্থকদের জন্য স্মরণীয় এক মৌসুম হয়ে থাকলো।