ক্যাম্পাস প্রতিনিধি | ঢাকা বিশ্ববিদ্যালয়


বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে সরকারের সাফল্য, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করেছে ছাত্রদল। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।


আয়োজনটির উদ্যোগ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও তিতুমীর কলেজসহ আশপাশের বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন।


যেসব বিষয় আলোচনায় এলো

বক্তারা সরকারের গত ছয় মাসের কার্যক্রম ও অর্জনের পাশাপাশি দেশের বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। আগামী দিনের অগ্রাধিকার নির্ধারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।



ছবি: ক্রাইম ক্রনিকল


অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য সম্ভাবনার ক্ষেত্র সম্প্রসারণ — এই তিনটি বিষয়কে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয় আলোচনায়।


সরকারের সাফল্যের পাশাপাশি সীমাবদ্ধতা নিয়েও গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার ওপর জোর দেন বক্তারা। জনগণের কাছে সরকারের কার্যক্রম তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন তাঁরা।


‘১৮০ দিন দীর্ঘ সময় নয়’

আয়োজক মমিনুল ইসলাম জিসান জানান, সরকারের জনবান্ধব উদ্যোগগুলো শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরার উদ্দেশ্যেই এই আয়োজন। ছয় মাসের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার মধ্য দিয়ে সরকার দায়বদ্ধতা প্রমাণ করেছে বলে তিনি মন্তব্য করেন।


তাঁর মতে, একটি সরকারের জন্য ১৮০ দিন খুব দীর্ঘ সময় নয়। ১৭ বছরের একটি শাসনামলের পতনের পর দায়িত্ব নেওয়া সরকারকে কেবল ছয় মাসের কর্মকাণ্ড দিয়ে বিচার করার বাস্তবতাও নেই বলে তিনি উল্লেখ করেন।


তবে এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি ও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও তিনি জানান। একই সঙ্গে বাস্তবতার জায়গা থেকে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ থাকার কথাও তিনি স্বীকার করেন।


অর্থনৈতিক চাপের কথা

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জিসান বলেন, প্রায় ২৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে সরকারকে এগোতে হচ্ছে। সঙ্গে রয়েছে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের চাপ এবং মানুষের ক্রমবর্ধমান প্রত্যাশা।


এই কঠিন বাস্তবতার মধ্যেও এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন। সঠিক পরিকল্পনা, রাজনৈতিক সদিচ্ছা এবং তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই সেটি সম্ভব বলে তিনি উল্লেখ করেন।


তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল