স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
লেবাননে চলমান ইসরায়েলি হামলার জেরে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির বরাতে শনিবার (২০ জুন ২০২৬) এ তথ্য জানা যায়। এ ঘোষণাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ইরানের সামরিক বাহিনী জানায়, লেবাননে চলমান সামরিক অভিযানের প্রতিবাদে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে তারা হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করেছে।
দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। একই সঙ্গে জাহাজগুলোকে প্রণালির কাছাকাছি না যাওয়ার কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম কৌশলগত জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেলের বড় একটি অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এ পথ বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এ কারণেই পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছিল বলে ধারণা করা হচ্ছিল। তবে নতুন এই সিদ্ধান্তে শান্তি প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও তেলের দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে।