রাজনীতি ডেস্ক | ক্রাইম ক্রনিকল

বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আফতাব মজুমদার চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরের ওয়্যারলেস এলাকার বাসিন্দা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদারের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে বুধবার নগরের হালিশহর এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে এবং পরে চান্দগাঁও থানায় হস্তান্তর করে।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় তিন মাস আগে চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। পরিচয়ের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে বিয়ের বিষয়ে চাপ দিলে আফতাব তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর ওই তরুণী আইনগত প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, অভিযোগটিকে দল গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি জানান, প্রাথমিকভাবে অভিযোগের তথ্য যাচাই করা হচ্ছে এবং সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।