নারায়ণগঞ্জ প্রতিনিধি | ক্রাইম ক্রনিকল
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় সাত শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) সকালে সদর উপজেলার পাগলা তালতলা এলাকার নির্ঝর নিটওয়্যার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর আহত শ্রমিকদের চিকিৎসা, ক্ষতিপূরণ এবং কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে ওই সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের দাবিগুলো সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে নির্ঝর নিটওয়্যার কারখানায় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বয়লার কক্ষের দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ফিনিশিং বিভাগের সরঞ্জাম ও বিভিন্ন মালামাল ছড়িয়ে পড়ে এবং কাচ ভেঙে যায়।
এ সময় কাটিং ও ফিনিশিং বিভাগে কাজ করা সাত শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের পর পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত শ্রমিকরা হলেন– শাহীন (২৫), জাকির হোসেন (২৫), সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও খাদিজা (২০)।
দুর্ঘটনার পর কারখানার ভেতরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। তারা আহতদের চিকিৎসার দায়িত্ব, ক্ষতিপূরণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। একপর্যায়ে কারখানার উৎপাদন ব্যবস্থাপক জসিম উদ্দিন ও সুপারভাইজার মনির হোসেনসহ কয়েকজনের সঙ্গে শ্রমিকদের হাতাহাতির ঘটনাও ঘটে।
পরে সকাল ১১টার দিকে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
শ্রমিকদের অভিযোগ, কারখানার বয়লারটি দীর্ঘদিনের পুরোনো ছিল। এটি পরিবর্তনের জন্য একাধিকবার মালিকপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, মালিকপক্ষের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, নির্ঝর নিটওয়্যারে একটি ছোট বৈদ্যুতিক বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ সাত শ্রমিক আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালিকপক্ষ আহতদের চিকিৎসা এবং অন্যান্য দাবি বিবেচনার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
আদমজী শিল্প পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক আনোয়ারুল হক জানান, চিকিৎসা ও ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। পরে মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে ২৪ জুন ক্ষতিপূরণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।