চট্টগ্রাম প্রতিনিধি | ক্রাইম ক্রনিকল
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দলটির এক নারী কর্মী। একই ঘটনায় চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনের বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) নগরীর কাজীর দেউড়ির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ওই নারী কর্মী দাবি করেন, নারীশক্তির কমিটি নিয়ে সাংগঠনিক আলোচনার কথা বলে তাকে গত ১৪ জুন চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের একটি বারে নিয়ে যাওয়া হয়।
তার ভাষ্য অনুযায়ী, সেখানে উপস্থিত ছিলেন সুজা উদ্দিন, সাদিয়া আফরিন এবং আরও কয়েকজন। তিনি অভিযোগ করেন, সেখানে তাকে ধূমপান ও মদপানের প্রস্তাব দেওয়া হয় এবং পরবর্তীতে সুজা উদ্দিন কয়েকবার তার পাশে বসার জন্য আহ্বান জানান। তার দাবি, সুজা উদ্দিনের দৃষ্টিভঙ্গি, অঙ্গভঙ্গি ও আচরণ ছিল অশালীন এবং যৌন হয়রানিমূলক।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, প্রস্তাবে সাড়া না দিলে তাকে ‘ডিল অর ডেথ’ বলে ভয়ভীতি দেখানো হয়। রাজনৈতিক সুবিধা, পদ-পদবি ও আর্থিক সহযোগিতার প্রলোভন দেখিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
অভিযোগকারী বলেন, ঘটনার পর তিনি সাদিয়া আফরিনের কাছে প্রতিবাদ জানালে সাদিয়া তাকে বলেন, “রাজনীতি করতে হলে বড় পদ-পদবিধারীদের পার্সোনাল সময় দিতে হয়। এটাই রাজনৈতিক কালচার।”
তবে অভিযোগের বিষয়ে আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন ও সাদিয়া আফরিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, অভিযোগকারী নারী কর্মী এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান। অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষ।
(প্রতিবেদনটি অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগগুলো এখনো প্রমাণিত নয় এবং অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা সংযোজন করা হবে।)