নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতের তুলনায় ১০ শতাংশ বেশি ভোট পেলেও আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে তারা আশা করছেন।

রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। বিএনপি তাদের চেয়ে ১০ শতাংশ বেশি ভোট পেয়েছে। তিনি বলেন, প্রধান বিরোধী দল হিসেবে জনগণের সমর্থন ধরে রাখতে পারলে ভবিষ্যতে জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে বলে তারা বিশ্বাস করেন।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ডা. তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের সময় চৌদ্দগ্রামের অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছিল। জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর গত তিন মাসে আরও ১০০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। তিনি দাবি করেন, এসব অর্থ এলাকার সড়ক, যোগাযোগ ও অন্যান্য উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে তিনি চৌদ্দগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন। কিশোর গ্যাং ও মাদক কারবারকে উপজেলার প্রধান সমস্যা উল্লেখ করে তিনি বলেন, সমাজে অপরাধীর সংখ্যা কম, ভালো মানুষের সংখ্যাই বেশি। জনগণ ঐক্যবদ্ধ হলে মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করা সম্ভব।
মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন ছয় মাসের মধ্যে এসব কর্মকাণ্ড ছেড়ে অন্য পেশায় যুক্ত হন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
ডা. তাহের আরও বলেন, জনগণের সহযোগিতায় চৌদ্দগ্রামকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আবদুল হালিম, মুহাম্মদ শাহজাহান এবং জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।