স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল

 

নীলফামারীর ডিমলায় তিস্তার প্রধান সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সংলগ্ন সেচ ক্যানেলে ঘটনা ঘটে।

 

নিহতরা হলো একই গ্রামের ফারজানা আক্তার পাখি (১১) সিনহা আক্তার () ফারজানা আবুল হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সিনহা সেলিম হোসেনের মেয়ে।

 

সম্পর্কে তারা খালা ভাগনি।

 

যেভাবে ঘটল

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজনের সঙ্গে ক্যানেলে গোসল করতে যায় তারা।

 

একপর্যায়ে সিনহা পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে নামে ফারজানা। কিন্তু সেও পানিতে ডুবে যায়।

 

সঙ্গে থাকা শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ক্যানেলে নেমে দুজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।


আগেও ঘটেছে একই স্থানে

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি জানান, কয়েক বছর আগেও একই স্থানে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

তাঁর মতে, জায়গাটি ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা রোধে দ্রুত নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।

 

ডিমলা থানার ওসি শওকত আলী সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

তথ্যসূত্র: পুলিশ স্থানীয় সূত্র