জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল
বাংলাদেশে আল কায়েদার সক্রিয় সেল গঠন ও নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, অনুমানের ভিত্তিতে তৈরি কোনো প্রতিবেদনের ওপর নির্ভর করে সরকার পদক্ষেপ নিতে পারে না।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি গড়ার চেষ্টার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি জাতিসংঘের প্রতিবেদনটি নিজে পড়েননি। প্রতিবেদনে কী ধরনের পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, সেটিও না দেখে মন্তব্য করা সম্ভব নয় বলে জানান তিনি।
সরকার প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কি না–এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপাতত এটি আমলে নেওয়া হচ্ছে না। তার ভাষ্য, প্রতিবেদনটিতে যদি কেবল সম্ভাবনার কথা বা অনুমান করা হয়ে থাকে, তাহলে সেটির ভিত্তিতে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন
সাক্ষাৎকারে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের সন্তুষ্টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে পরিস্থিতির উন্নতির চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় মাসে বিভিন্ন সংস্কার কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।
জ্বালানি ও গ্যাস সংকট
সরকারের প্রথম ১৮০ দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সংকটময় পরিস্থিতিতে সরকার কয়েকটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সংকট তৈরি হলেও বাংলাদেশে দীর্ঘ সময় জ্বালানির দাম না বাড়ানোর দাবি করেন তিনি।
দেশের গ্যাস সংকটের পেছনে আমদানিনির্ভরতার পাশাপাশি বিভিন্ন সময়ের যান্ত্রিক ত্রুটিকেও দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমদানিনির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরীণ এবং স্থল ও সমুদ্রভিত্তিক গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
তার আশা, আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় উৎস থেকে গ্যাসের চাহিদার বড় অংশ পূরণ করা সম্ভব হবে।
কৃষি ও খাদ্য নিরাপত্তায় সরকারের উদ্যোগ
সরকারের বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনুদান ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
খাদ্য নিরাপত্তা নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তার দাবি, খাদ্য সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে।