স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্ডিওভাসকুলার কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ২০২২ সাল থেকে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন ফারাহ। তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলায়। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুর রশীদের বড় মেয়ে।




পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ২৩ জুন দুপুরে ছোট বোনের সঙ্গে সর্বশেষ কথা হয় ফারাহর। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। শুক্রবার বিকেলে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান।


খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ফারাহর ছোট বোনকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে টেবিলের ওপর মাথা নত অবস্থায় খাটে বসা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ সময় মরদেহে পচন ধরেছিল বলে জানিয়েছে পুলিশ। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।


শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, ফারাহর আগে থেকে বড় ধরনের কোনো শারীরিক সমস্যাও ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকের কারণে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


এ ঘটনায় নিহতের ছোট বোন নজুলা ফেরদৌস শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। নজুলা নিজেও একজন চিকিৎসক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউরোসার্জারি কোর্সে অধ্যয়নরত।


পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।