নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল
বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেলা পুলিশসহ অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের এবং মহানগর পুলিশের শার্ট হবে হালকা জলপাই (অলিভ) রঙের। সবক্ষেত্রেই প্যান্টের রং হবে খাকি।
এ–সংক্রান্ত প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার (১৮ জুন) জারি করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধ্যাদেশ, ১৮৬১-এর ১২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারের অনুমোদনক্রমে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করা হয়েছে। এর ফলে পুলিশের পোশাকের রং ও কাপড়–সংক্রান্ত আগের বিধান পরিবর্তিত হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের এবং ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র্যাব এই পরিবর্তনের আওতার বাইরে থাকবে।
শুধু শার্ট ও প্যান্ট নয়, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। শীতকালীন পোশাক হিসেবে গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সাধারণ পুলিশ সদস্যদের জন্য গাঢ় নীল জ্যাকেট এবং মহানগর পুলিশের জন্য হালকা জলপাই রঙের জ্যাকেট নির্ধারণ করা হয়েছে।
নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।

প্রতীকী ছবি
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশের সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই সময় পুলিশের পোশাক পরিবর্তনের দাবিও ওঠে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশের জন্য আয়রন বা লোহা-ধূসর রঙের নতুন ইউনিফর্ম নির্ধারণ করা হয় এবং ২০২৫ সালের নভেম্বরে সেই পোশাকে মাঠে নামে পুলিশ সদস্যরা।
তবে নতুন সেই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়। সংগঠনটির দাবি ছিল, নতুন ইউনিফর্ম নির্বাচনের ক্ষেত্রে সদস্যদের মতামত, দেশের আবহাওয়া ও ব্যবহারিক দিকগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। পাশাপাশি অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর পোশাকের সঙ্গে সাদৃশ্য থাকায় মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আলাদা করে শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছিল।
এই প্রেক্ষাপটে সরকার আবারও পুলিশের ইউনিফর্মে পরিবর্তন এনে নীল, জলপাই ও খাকি রঙের সমন্বয়ে নতুন পোশাকের বিধান কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।