নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল 


দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


সোমবার (১৫ জুন) প্রকাশিত পূর্বাভাসে কেন্দ্র জানায়, বাংলাদেশ ও ভারতের আবহাওয়া তথ্য এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর উপাত্ত বিশ্লেষণে আগামী কয়েক দিনে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও উজান এলাকায় মাঝারি থেকে ভারী এবং পরবর্তী সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।


বর্তমানে কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ ও মার্কুলি স্টেশনে এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা স্টেশনে সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে এসব অঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে।


বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে, আগামী তিন দিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এ সময় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একইভাবে নেত্রকোনা জেলার সোমেশ্বরী, ভুলাই ও কংস নদীর পানি দ্রুত বাড়ায় জেলার কিছু নিম্নাঞ্চল পানির নিচে চলে যেতে পারে।


তবে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদীগুলোর পানি আগামী পাঁচ দিন বাড়লেও বিপদসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে। গঙ্গা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পদ্মা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও তা বিপদসীমা অতিক্রম করবে না বলে জানিয়েছে কেন্দ্র।


এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।


অন্যদিকে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ২০ জুনের পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ভারী বৃষ্টিপাত শুরু হলে বর্তমানে বিরাজমান ভ্যাপসা গরম অনেকটাই কমে যাবে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্ভাব্য জলাবদ্ধতা ও সাময়িক প্লাবনের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।