ক্রাইম ক্রনিকল ডেস্ক।


তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় পৌঁছাতেই ছাত্রদল-যুবদলের স্লোগান- ‘আওয়ামী লীগের ঠিকানা এই ভোলায় হবে না’। বাংলাদেশের রাজনীতির নানা বাঁক-বদলের অন্যতম সাক্ষী, প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজার আগে ভোলায় বিক্ষোভ প্রদর্শন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।


মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করেন। 


ভোলার ছাত্রদল নেতা নুরে আলম এবং যুবদল নেতা রহিমের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তোফায়েল আহমেদের জানাজা না পড়ানোর দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 


তাৎক্ষণিকভাবে সেখানে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের বুঝিয়ে মাঠ থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অতপর নির্ধারিত সূচি অনুযায়ী ভোলা সরকারি হাই স্কুল মাঠে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। জানা যায়, দক্ষিণ গঙ্গাপুর এলাকার কোরালিয়া গ্রামে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হবে।



ভোলায় তোফায়েল আহমেদের জানাজার দৃশ্য। ছবি: সংগৃহীত 


এর আগে, উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ গতকাল সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকালই বাদ মাগ‌রিব রাজধানীর ধানম‌ন্ডির তাকওয়া মস‌জিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।