স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৩ লাখ টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শনিবার (১৫ আগস্ট) চারটি ফ্লাইটে এসব অভিযান পরিচালিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ওষুধ, ৫১ কার্টন বিদেশি সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ।
এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।
একটি অভিযানে ট্রলির গোপন কুঠুরি থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে সোমা বেগম নামের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩০ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।
যাত্রী প্রোফাইলিং ও নজরদারির ভিত্তিতে বিমানবন্দরে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
তথ্যসূত্র: জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর