স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাবলীর বিষয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
রোববার (৭ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রতিবেদনটি উপস্থাপনের কথা রয়েছে।
এর আগে গত ৭ মে ট্রাইব্যুনালে শুনানিকালে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা তদন্তের আওতায় আনা হয়েছে।
পরে ১৪ মে এ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
মামলায় আরও ছয় আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়।