স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
শুক্রবার (১৯ জুন) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক ফুড ফেস্টিভ্যালে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্য তুলে ধরতে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কূটনৈতিক মহলের সদস্য, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন। অতিথিদের স্বাগত জানান পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
উৎসবে অংশগ্রহণকারীরা পাকিস্তানি রন্ধনশৈলী ও ফ্যাশনের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।
গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে ইমরান হায়দার বলেন, “এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। ভবিষ্যতেও মানুষে-মানুষে যোগাযোগ অব্যাহত থাকবে, যা দুই ভ্রাতৃপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।”
তিনি আরও বলেন, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানটি দুই দেশের সংস্কৃতি, খাদ্য ঐতিহ্য এবং জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।