অর্থনীতি ডেস্ক | ক্রাইম ক্রনিকল


২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ধূমপান নিরুৎসাহিত করতে সিগারেট ফিল্টার তৈরির কাঁচামাল ও নিকোটিন আমদানিতে ৩০০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার।


অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, একই বাজেটে চিকিৎসা খাতে কিছু গুরুত্বপূর্ণ কর ছাড়ের প্রস্তাবও থাকতে পারে। এর মধ্যে হৃদ্‌রোগে ব্যবহৃত স্টেন্ট (হার্টের রিং) ও চোখের লেন্সে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় রয়েছে।


এছাড়া কিডনি ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট পণ্যে কাস্টমস শুল্ক হ্রাস এবং ভ্যাট ও আয়কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হতে পারে, যা স্বাস্থ্যসেবার ব্যয় কমাতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।


কর কাঠামো সংস্কারের অংশ হিসেবে ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের কর ও ভ্যাট ছাড় দেওয়ার প্রস্তাবও আলোচনায় রয়েছে। পাশাপাশি ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত করার পরিকল্পনাও বিবেচনায় আছে, যা নিম্ন ও মধ্য আয়ের করদাতাদের জন্য স্বস্তি আনতে পারে।


নতুন বাজেটে ভ্যাট ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ থাকতে পারে। এর অংশ হিসেবে ইনপুট–আউটপুট কোয়েফিশিয়েন্ট নির্ধারণে এনবিআর-কে নতুন ক্ষমতা দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে কর্পোরেট করহার অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে।