স্টফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ (৪০) এবং শাহিন মিয়া। শুক্রবার (১২ জুন) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্বামী ও সন্তানদের নিয়ে সিরাব এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত ১০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রান্নাঘরে কাজ করার সময় অভিযুক্তরা তার মুখ চেপে ধরে। সন্তানদের ক্ষতির ভয় দেখিয়ে তাকে পাশের একটি চারতলা ভবনের নিচতলার কক্ষে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, সেখানে তার হাত ও মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা চলে গেলে তিনি কোনোভাবে বাসায় ফিরে আসেন। সন্ধ্যায় স্বামী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পর পুরো ঘটনা তাকে জানান। পরবর্তীতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, “ঘটনার পরপরই পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”