নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তালতলা গ্রামে ব্যক্তিগত উদ্যোগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন সেই প্রদর্শনীও বন্ধ করে দিয়েছে। ঘটনাস্থলে ৮ গাড়ি পুলিশ পাঠানো হয় এবং সেখানে ওসি অপারেশন ও দুইজন এসআই উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের অনুমতি নিয়েই এই প্রদর্শনী বন্ধ করা হয়।


সিনেমা প্রদর্শনীর উদ্যোগ প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড হয়ে গেছে 


এর আগে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে নিজ শহরে সিনেমাটি প্রদর্শনের কথা ছিল। কিন্তু কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মহল সিনেমাটিকে ‘অশ্লীল’ বলে অপপ্রচার চালিয়ে এবং নিজেদের প্রভাব খাটিয়ে সেই প্রদর্শনী বন্ধ করে দেয়। ব্রাহ্মণবাড়িয়ার গর্ব ও সিনেমাটির নির্মাতা তানিম নূরের ব্লকবাস্টার সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এভাবে বন্ধ হওয়ায় এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়।


ঘটনাটি জানার পর অঙ্গন নামের এক ব্যক্তি অস্বস্তি বোধ করেন। তিনিও ব্রাহ্মণবাড়িয়াতে বেড়ে ওঠা এবং সিনেমা, কার্টুন ও অ্যানিমেশন নিয়ে কাজ করেন। পরাজয় মেনে নিতে না পেরে তিনি সিদ্ধান্ত নেন, নিজ উদ্যোগেই গ্রামে সিনেমাটি দেখানোর।


নির্মাতা তানিম নূরের অনুমতি নিয়ে পরিবারের সবার সঙ্গে আলোচনা করে, চাঁদা তুলে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম ভাড়া করেন এবং পর্দা তৈরির কাজ শুরু করেন। শনিবার এশার নামাজের পর কসবার তালতলা সরকারি স্কুল মাঠে সম্পূর্ণ বিনা মূল্যে সিনেমাটি দেখানোর কথা ছিল।


তবে প্রশাসনের হস্তক্ষেপে সেই প্রদর্শনী বন্ধ হয়ে যায়। ঘটনার খোঁজ নিয়ে জানা গেছে, প্রদর্শনী বন্ধ করতে পুলিশ মাঠে ছিল। ঘটনাস্থলে ৮ গাড়ি পুলিশ পাঠানো হয় এবং সেখানে ওসি অপারেশন ও দুইজন এসআই উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের অনুমতি নিয়েই এই প্রদর্শনী বন্ধ করা হয়।


প্রদর্শনীর আয়োজক অঙ্গন তার ফেসবুক পোস্টে সবার উদ্দেশে বলেছেন, ‘হার মানলে চলবে না’।