স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল
শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে নকআউট ম্যাচের কয়েক ঘণ্টা আগে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে হচ্ছে ফরাসি কোচকে।
শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ। সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেষ অনুশীলন সেশনে উরুর চোটে আক্রান্ত হন চুয়ামেনি। তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন মিডফিল্ডার মানু কোনে।
চলতি বিশ্বকাপে ফ্রান্সের চার ম্যাচের মধ্যে তিনটিতেই পুরো ৯০ মিনিট খেলেছেন চুয়ামেনি। শুধু গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ওই ম্যাচে তার জায়গায় খেলেছিলেন মানু কোনে।
গ্রুপ ‘আই’-এর তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে নকআউট পর্বে ওঠে ফ্রান্স। এরপর শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বর্তমান ইউরোপীয় শক্তিরা।
এদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় শুরু হবে ম্যাচটি।
চুয়ামেনির অনুপস্থিতি ফরাসি মধ্যমাঠে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা।