স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জুলিয়ান ন্যাগেলসম্যান পদ ছেড়েছেন। একই সঙ্গে তার দুই সহকারী কোচ বেঞ্জামিন গ্লুক ও বেঞ্জামিন হুবনারও জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ছেড়ে যাচ্ছেন। শুক্রবার (৩ জুলাই) জার্মানির জাতীয় ফুটবল দলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিদায়ী বার্তায় ন্যাগেলসম্যান বলেন, "বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর গত কয়েক দিন আমি বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবেছি এবং ব্যক্তিগত জীবন ও ফেডারেশনের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলেছি। এই সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। দলের সফলতাই সব সময় আমার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল। এত বড় হতাশার পর আমি মনে করি, দলটি নতুনভাবে এবং কোনো বাড়তি চাপ ছাড়াই শুরু করার সুযোগ পাওয়ার যোগ্য।"
তিনি আরও বলেন, "আমার কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, ফেডারেশনের সবাই এবং বিশেষ করে খেলোয়াড়দের ধন্যবাদ জানাই, যাদের সঙ্গে পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠেছিল। সমর্থকদের প্রতিও আমি কৃতজ্ঞ। আপনারা আমাদের বিশ্বাস করেছেন, কঠিন সময়েও পাশে ছিলেন। আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, এজন্য আমি গভীরভাবে দুঃখিত। আপনারা এর চেয়ে অনেক বেশি প্রাপ্য ছিলেন।"

ডিএফবির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ বিষয়ে জার্গেন ক্লপের সঙ্গে আলোচনা করবে ফেডারেশন। ক্লপও জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে ইতালিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, জার্গেন ক্লপ জার্মানির নতুন প্রধান কোচ হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। নিজের বহুল পরিচিত "Here We Go Soon" বার্তায় তিনি দাবি করেন, চুক্তির চূড়ান্ত আনুষ্ঠানিক বিষয়গুলো এখন নিশ্চিত করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ক্লপের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ক্লপ ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর রেড বুল গ্রুপের গ্লোবাল ফুটবল কার্যক্রমে যুক্ত হন। তবে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে তিনি ইতিবাচক ছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আগেই খবর প্রকাশিত হয়েছিল।
যদিও ফ্যাব্রিজিও রোমানো ক্লপের দায়িত্ব নেওয়ার বিষয়ে অগ্রগতির কথা জানিয়েছেন, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) এখনো তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে আলোচনার শেষ পর্যায় চলছে এবং সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই জার্মান ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।