স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
শেষ মুহূর্তের হতাশায় বিশ্বকাপের পরের ধাপে সরাসরি ওঠার সুযোগ হারাল ইরান। মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। তবে এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি ইরানের আশা। অন্য গ্রুপের কয়েকটি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা।
সিয়াটলে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’র ম্যাচে (২৬ জুন) মিসরের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে ইরান। অন্যদিকে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে বেলজিয়াম। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করে পরের ধাপে উঠেছে মোহাম্মদ সালাহর মিসর।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ইরান। মাত্র পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় মিসর। তবে দ্রুত সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইরান। ১১ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেহেদি তারেমি। তার শট ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক আহমেদ শোবেন।
এরপর ১৪ মিনিটেই ম্যাচে ফিরে আসে ইরান। মিলাদ মোহাম্মাদির শট ফিরিয়ে দিলে সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রামিন রেজায়ান। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে আসে। এর মধ্যেই ৫৭ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন মিসরের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহ।
ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয়। অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসে মেতে উঠেছিল ইরান, কিন্তু ভিএআরে অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। এরপর সাইয়েদ এজাতোলাহির শক্তিশালী শট গোলপোস্টে লেগে ফিরে এলে জয় হাতছাড়া হয় ইরানের।

মিশরের মোস্তফা শুবিরের বাধা পেরিয়ে ইরানের শুজা খলিলজাদেহ গোল করলেও পরবর্তীতে তা বাতিল করা হয়। ছবি: রয়টার্স
তিন ম্যাচে অপরাজিত থেকেও শেষ পর্যন্ত অনিশ্চয়তায় পড়েছে ইরান। এখন তাদের অপেক্ষা করতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের জন্য। ঘানা যদি ক্রোয়েশিয়াকে হারায়, ডিআর কঙ্গো উজবেকিস্তানের কাছে জয় না পায় অথবা অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচে কোনো একটি দল জয় পেলে নকআউট পর্বে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে ইরানের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও একসময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আসরে খেললেও ভ্রমণ ও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গ্রুপ পর্বে লড়াই করেছে তারা। তবে শেষ পর্যন্ত জয় নয়, ভাগ্যের হিসাবেই আটকে গেল পারস্যের দলটি।