স্পোর্টস ডেস্ক । ক্রাইম ক্রনিকল 


সমালোচনার জবাব ক্রিস্টিয়ানো রোনালদো বরাবরই দিতে পছন্দ করেন মাঠের পারফরম্যান্সে। উজবেকিস্তানের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও সেটিই করলেন পর্তুগাল অধিনায়ক। গোল করার পাশাপাশি গড়লেন বিশ্বকাপ ইতিহাসের অনন্য এক রেকর্ড।


মঙ্গলবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও কানসেলোর ডান দিক থেকে বাড়ানো ক্রসে ডান পায়ের জোরালো শটে গোল করেন ৪১ বছর বয়সী রোনালদো। এই গোলের মধ্য দিয়ে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার কীর্তি গড়েন তিনি।


এর আগে রোনালদো পাঁচটি বিশ্বকাপেই গোল করেছিলেন। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইরানের বিপক্ষে প্রথম গোলের পর ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২—প্রতিটি আসরেই গোলের দেখা পেয়েছেন তিনি। এবার ২০২৬ বিশ্বকাপেও গোল করে নিজের অনন্য ধারাবাহিকতা ধরে রাখলেন পর্তুগিজ মহাতারকা।


এই কীর্তির মাধ্যমে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসিকে ছাড়িয়ে যান। মেসি পাঁচটি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করেছেন, আর রোনালদো সেই সংখ্যাকে বাড়িয়ে নিয়ে গেলেন ছয়ে।


রোনালদোর গোলটি আসে এমন এক সময়ে, যখন পর্তুগালের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর তাঁকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছিল। তবে উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা পর্তুগাল রোনালদোর গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় তুলে নেয়। ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। এছাড়া গোল করেন নুনো মেন্দেস ও রাফায়েল লেয়াও, আর একটি গোল আসে উজবেকিস্তানের আত্মঘাতী গোল থেকে।


রোনালদোর প্রথম গোলটি ছিল জাতীয় দলের জার্সিতে তাঁর ২৩১তম ম্যাচে ১৪৪তম আন্তর্জাতিক গোল। একই সঙ্গে এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে পর্তুগালের কিংবদন্তি ইউসেবিওর ৯ গোলের রেকর্ডেও ভাগ বসান। পরে দ্বিতীয় গোল করে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতাও হয়ে যান তিনি।